মদ্যপ অবস্থায় গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যার দায়ে ৫ বছরের জেল হলো সালমান খানের। আজ ৬ মে (বুধবার) দুপুর ১টা ৫৮ মিনিটে মুম্বাইয়ের স্থানীয় একটি আদালতে বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে এ রায় ঘোষণা করেন।
এরই মধ্যে বলিউডের এই সুপারস্টারের মেডিকেল রেকর্ড জমা নেওয়া হয়েছে।
অনিচ্ছাকৃত হত্যা মামলায় দোষী হওয়ায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারতো সালমানের। এদিকে জেল হওয়ায় সালমানের ওপর লগ্নি করা ২০০ কোটি রুপির বিনিয়োগ অনিশ্চতায় পড়ে গেলো।
বলিউডের এই সুপারস্টারের হাতে এখন আছে ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘নো এন্ট্রি মে এন্ট্রি’, ‘দাবাং থ্রি’-সহ মোট সাতটি ছবি। এ ছাড়া ১০টি পণ্যের বিজ্ঞাপনী চুক্তিও আছে তার।
উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ৪৯ বছর বয়সী এই অভিনেতার গাড়ির নিচে চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছিলেন। প্রসিকিউশন দাবি করেছেন, সালমান রেইন বার ও জুজুর একটি রেস্টুরেন্টে মদ্যপান করেছিলেন। এরপর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারান। এতে ফুটপাথে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি নিহত ও চারজন আহত হন।
