প্যারিস-কাহিনী শেষ হলেই অবসরে যেতে পারেন কাভানি!
আগামী বছর পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর খেলা চালিয়ে যাবেন কি না নিশ্চিত নন এডিনসন কাভানি। অবসরও নিতে পারেন বলে জানিয়েছেন উরুগুয়ের ফরোয়ার্ড। ২০১৩ সালে সেরি-এ লিগের দল নাপোলি থেকে পিএসজিতে আসেন কাভানি।
গত পাঁচ মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে উঠিয়ে এনেছেন ক্লাবের সর্বকালের অন্যতম সেরাদের তালিকায়। ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ফ্রান্সের ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার। প্রথম তিন মৌসুমে লিগে যথাক্রমে ১৬, ১৮ ও ১৯ গোল করা কাভানি ২০১৬-১৭ মৌসুম থেকে আছেন দুর্দান্ত ছন্দে। ওই মৌসুমে লিগ ওয়ানে ৩৬ ম্যাচে করেন ৩৫ গোল।
গত মৌসুমে করেছেন ৩২ ম্যাচে ২৮ গোল। জাটান ইব্রাহিমোভিচকে পেছনে ফেলে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার দখলে। এমন সফলতার পরও গত কয়েক বছর ধরে সংবাদমাধ্যমে খবর, পিএসজি ছাড়তে পারেন কাভানি। তাকে ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে নাপোলি।
ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার, ‘আমি আমার চুক্তির শেষ পর্যন্ত এখানে থাকতে ইচ্ছুক। হয়তো ক্যারিয়ারের শেষ পর্যন্তও। জানি না ২০২০ সালের পর খেলা চালিয়ে যাব কি না। আর যদি চালিয়েও যাই, তা প্যারিসেই কি না, তাও জানি না। প্যারিসে আমার ভালো লাগছে। আমি মনে করি, ক্লাব আমাকে নিয়ে খুশি।’