দেশে স্পেনে মানব পাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যাকাণ্ডের ঘটনায়, দেশে মানব পাচার চক্রের বিরুদ্ধে চিরুনী অভিযান শুরু করেছ। দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে স্পেনে অবৈধভাবে মানবপাচারকারী চক্রের আরো ৫ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মাদারীপুর সদরের আব্দুল জলিল ওরফে দুলাল ডাক্তার, মাগুরার মোহাম্মদপুরের মো. রুবেল হোসেন, বিয়ানীবাজার থেকে মো. রুবেল আহম্মেদ (৩৩) ও মো. কুতুব উদ্দিন (২৭) এবং পারভেজ আহমেদ (৩৩)কে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, পাচারকারীরা লিবিয়া ও ইতালিতে মানব পাচারের পাশাপাশি বিভিন্ন দালালের মাধ্যমে স্পেনেও অবৈধভাবে বাংলাদেশীদের পাচার করছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, স্পেনে পাঠানোর কথা বলে বাংলাদেশ থেকে ভারত, দুবাই, আলজেরিয়া ও মরক্কোর রুট ব্যবহার করে স্পেনে অবৈধভাবে মানব পাচার করছে। পাচারকালে বিভিন্ন দেশে ভিকটিমদের জিম্মি করে অত্যাচার করে ও মেরে ফেলার ভয় দেখিয়ে ভিকটিমদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়।

সারাদেশে হওয়া মানব পাচারের ১৫টি মামলা সিআইডির ওপর তদন্তভার ন্যস্ত হয়েছে। সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যার ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন থানায় ২টি ও বনানী থানায় ১টি মানব পাচার মামলা দায়ের করেছে। সিআইডি এসব মামলায় এ পর্যন্ত ২২ অবৈধ মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.