নতুন অফারে আরো কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনায় বোয়িং

চলতি বছরে দ্বিতীয়বারের মতো কর্মীদের বাইআউট অফারের প্রস্তুতি নিচ্ছে উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং। এর মধ্য দিয়ে আরো কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মার্কিন কোম্পানিটি। নতুন পরিকল্পনা অনুযায়ী বোয়িংয়ের ছাঁটাইকৃত কর্মী সংখ্যা এপ্রিলে নির্ধারিত ১০ শতাংশ ছাড়িয়ে যাবে। খবর ব্লুমবার্গ।

কর্মীদের এক বার্তায় বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ কালহোন বলেন, মোটাদাগে এই ‘ভলান্টারি লে-অফ’ প্রস্তাব দেয়া হবে কোম্পানিটির বাণিজ্যিক উড়োজাহাজ ইউনিট, সেবা বিভাগ ও করপোরেট কার্যক্রমে নিয়োজিত কর্মীদের। ২৪ আগস্ট থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য কর্মীদের দেয়া শুরু হবে।

কালহোন বলেন, বর্তমান বাজার চাহিদার ওপর ভিত্তি করে আমরা আমোদের পুরো কর্মী বাহিনীকে ধরে রাখতে সক্ষম হব, এটা আমি সত্যিকার অর্থেই চাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছাঁটাইয়ের মতো কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে। আর নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পাশপাশি তারল্য ধরে রাখা এবং প্রবৃদ্ধিতে ফিরতে প্রস্তুত থাকার জন্য ছাঁটাই প্রয়াজনীয় হয়ে পড়েছে।

মূলত বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে পুরো বিমান খাতই অভাবনীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের অধিকাংশ এয়ারলাইনস। ফলে বোয়িং ও এয়ারবাসের মতো কোম্পানি তাদের উড়োজাহাজ উৎপাদন কমিয়ে দিয়েছে। খরচের লাগাম টেনে ধরতে কমিয়ে দিয়েছে বেতন।

কালহোন বলেন, আগামী তিন বছরে বোয়িংয়ের বাজার উল্লেখযোগ্য মাত্রায় সংকুচিত অবস্থায় থাকবে। এ অবস্থায় দুঃখজনক কর্মী ছাঁটাইয়ে বাধ্য হলেও ভবিষ্যৎ উন্নতির জন্য কোম্পানিটির ব্যবসার সম্ভাব্য সব সুযোগ মূল্যায়ন করা হবে।

উল্লেখ্য, এর আগে এপ্রিলে ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল বোয়িং। বিশ্বব্যাপী কোম্পানিটির মোট কর্মী রয়েছে ১ লাখ ৬০ হাজার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.