মুসলিম হওয়ায় ট্রাম্প প্রশাসন থেকে বিতাড়িত রুমানা ফিরলেন হোয়াইট হাউসে
মুসলিম হওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিতাড়িত বাংলাদেশি বংশোদ্ভূত রুমানা আহমেদ আবার হোয়াইট হাউসে ফিরেছেন।
ইতিমধ্যে রুমানা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিম)-এর রিভিউ প্যানেলের সাত সদস্যের অংশ হয়ে কাজ শুরু করেছেন।
২০১৭ সালে পদত্যাগের নেপথ্য কারণগুলো জানিয়ে দ্য আটলান্টিকে একটি কলাম লেখেন রুমানা। ওই লেখা প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।
রুমানা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাজে যোগ দেন।
সেই আলোচিত কলামে রুমানা জানান, আমার কাজ ছিল দেশের সেবা করা। ওয়েস্ট উইংয়ে আমি ছিলাম একমাত্র হিজাবী। ওবামা প্রশাসন সব সময় আমাকে স্বাগত জানিয়েছে,’ রুমানা কলামে লিখেছেন, অন্য মুসলিমদের মতো ২০১৬ সালে আমিও ট্রাম্পের কাজকর্ম দেখতে থাকি। আমি ভেবেছিলাম, দেশের জন্য তার প্রশাসনে আমার থাকা উচিত। আমি আটটা দিন টিকতে পেরেছিলাম।
ওবামা ক্ষমতা ছাড়লে হোয়াইট হাউসে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। হিজাব পরায় ট্রাম্পের লোকজনের কাছে প্রায়ই অপদস্থ হতেন তিনি। কেউই তাকে স্বাভাবিকভাবে নিতে পারতেন না। সপ্তাহ পার হতে না হতে তাকে চাকরি ছেড়ে দিতে হয়।