১৯৯৯ সালে ক্যারিয়ারের চূড়ায় থাকার সময়ে কাজল বিয়ে করেন অভিনেতা অজয় দেবগনকে। এতে অনেকে হয়তো চমকে গিয়েছিলেন। হয়তো অনেকের মনে প্রশ্ন ছিল কেন এমন হলো। কেন অজয়ের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন তার একটি ব্যাখ্যা দিয়েছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ তারকা কাজল।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ক্যারিয়ারে শুধু সিনেমা নিয়ে মগ্ন না থেকে নিজের জীবনে থিতু হতে চেয়েছিলেন কাজল। আর এ জন্যই ওই সিদ্ধান্তকে এখনো সঠিক মনে করেন তিনি। ১৯৯৯ সালে যখন অজয়ের সঙ্গে বিয়ে হয় তখন কাজল বলিউডের শীর্ষে। অজয়ের সঙ্গে বিয়ের সময়ে বলেছিলেন, বলিউডে আর নিয়মিত অভিনয় করবেন না। কাজলের দুই সন্তান নাইসা ও ইয়ুগ। মেয়ে নাইসার জন্ম ২০০৩ সালে।এরপর ফানা, ইউ মি অউর হাম’, মাই নেম ইজ খান, উই আর ফ্যামিলি এবং টুনপুর কা সুপারহিরো ছবিতে অভিনয় করেন কাজল। তাঁর শেষ অভিনীত ছবি বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে ‘দিলওয়ালে’।
বলিউডের বাণিজ্যিক ধারার অন্যতম সফল এই অভিনেত্রী বিয়ের ১৭ বছর এক বিবৃতিতে বলেন, ওই সময়ে এ কাজটাই (বিয়ে এবং বছরে একটি ছবি করার সিদ্ধান্ত) আমার জন্য সবচেয়ে সঠিক ছিল। আমি তখন প্রায় আট বা নয় বছরের মতো কাজ করে ফেলেছি। প্রতি বছর আমি চার থেকে পাঁচটা করে ছবি করছিলাম। পুরো জীবন আমার এভাবে কাটুক তা চাইনি। এ জন্যই আমার মনে হয়েছিল আমার শান্ত হওয়া প্রয়োজন। আর সে জন্যই চিন্তা করলাম বিয়ে করে ফেলব এবং বছরে মাত্র একটি করে ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিলাম। ওই সিদ্ধান্তে আমি খুশি।