বিশ্বের ক্ষমতাধর মুসলিমের তালিকায় মোহামেদ সালাহ

বিশ্বের ক্ষমতাধর মুসলিমের তালিকায় মোহামেদ সালাহ।

মোহামেদ সালাহর বৃহস্পতি এখন তুঙ্গে। সাফল্যের পালকে যোগ হচ্ছে একের পর এক পালক। এবার বিশ্বের মুসলিম ক্ষমতাধর ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ‘দ্য মুসলিম ৫০০’ বিশ্বের ক্ষমতাধর ৫০ মুসলিম ব্যক্তির নাম প্রকাশ করেছে। সেই তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন লিভারপুল ফরোয়ার্ড।
মুসলিমপ্রধান দেশ মিসরের নাগরিক সালাহ। তিনি ইসলাম ধর্মের অনুসারী। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে তার খ্যাতি জগতজোড়া। খেলা-চলাফেরা ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে হলেও ইসলাম ধর্ম পালনের মধ্যেই যাপিত জীবনের সুখ খুঁজে পান মিসরীয় কিং। তাই তো যেখানেই যান হাতে রাখেন কোরআন। নিয়মিত পড়েন পাঁচ ওয়াক্ত নামায। রোজা রেখে খেলার নজিরও আছে। গোল করলে সিজদাহ ও সৃষ্টিকর্তাকে স্মরণ করতে দেখা যায় হরহামেশা।
সুযোগ পেলেই মুসলিম দুঃস্থদের সহায়তায় দু’হাত প্রসারিত করে দেন দ্য ফারাওখ্যাত ফুটবলার। মুসলমানদের শিক্ষার প্রসারে কাজ করেন। নিজ ধর্মের লোকজনকে আধুনিক বিজ্ঞানচর্চার ব্যবস্থা করে দেন। মুসলিমবিদ্বেষীদের একহাত নিতেও ছাড়েন না। এ তো ক’দিন আগে ইসরায়েলি ফুটবলারকে অলরেডদের ডেরায় ভেড়ানোর ব্যাপারে ভেটো দেন তিনি। সেই সঙ্গে ইংলিশ ক্লাবটি ছাড়ার হুমকি দেন মিসরের মেসি। কারণ, একটাই মুসলিমদের সঙ্গে ইসরায়েলি ইহুদিদের দ্বন্দ্ব।
বিশ্বব্যাপী সালাহর জনপ্রিয়তা আকাশচুম্বী, দেশে তো বটেই। গেল মার্চেই এর প্রমাণ পাওয়া যায়। মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়িয়েও (প্রার্থী না হয়েও) ১০ লাখের বেশি ভোট পান তিনি। তার সম্মানার্থে নিজ দেশের শহর শার্ম এল শেইখে মূর্তি তৈরি করেছেন ভক্তকুলরা। তাকে নিয়ে একটি গানও রচনা করেছেন তারা। এত ভালোবাসার জন্যই ক্ষমতাধর মুসলিম ব্যক্তির তালিকায় আছেন জার্গেন ক্লপের প্রিয় শিষ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.