ইনিংসের শুরুতে হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া ঢাকা ডায়নামাইটসকে খেলায় ফেরান রনি তালুকদার ও সুনীল নারিন।
দ্বিতীয় উইকেট জুটিতে ৬৭ রান যোগ করেন তারা। এরপর ৫৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় ঢাকা ডায়নামাইটস।
২১ বলে ২৫ রান করা নারিনকে ফেরান অলক কাপালি। এরপর দুর্দান্ত খেলতে থাকা রনি তালুকদার ফিফটি করার পর আফিফ হোসেনের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার আগে ৩৪ বলে ৫৮ রান করেন রনি।
১৭ বলে ২৩ রান করা ঢাকা ডায়নামাইটসের অধিনায়ককে ফেরান আল-আমিন হোসেন। সাতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রানে ফেরেন আন্দ্রে রাসেল। ৩ রানের বেশি করতে পারেননি কায়রন পোলার্ড। রানের খাতা খোলার সুযোগ পাননি শুভাগত।
ফিফটি করে সাজঘরে রনি তালুকদার
দুর্দান্ত খেলেছেন রনি তালুকদার। জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই ওপেনার বিপিএলের ষষ্ঠ আসরে খেলছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে।
ঢাকার চতুর্থ ম্যাচে ফিফটি তুলে নিয়েছেন রনি তালুকদার। চলতি বিপিএলের প্রথম ম্যাচে ব্যাটিং নামার সুযোগ হয়নি রনি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ফেরেন ২৮ ও ১৮ রান করে।
আগের দুই ম্যাচে ওয়ান ডাউনে খেলতে নামা রনি শনিবার খেলেন ওপেনিংয়ে। নিজের পছন্দের পজিশনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলে যান নারায়ণগঞ্জের এই ক্রিকেটার।
আফিফ হোসেনের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৩৪ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৫৮ রান করেন রনি।
সুনীল নারিনকে ফেরালেন কাপালি
ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই। ঢাকা ডায়নামাইটসের এই আফগান ওপেনারকে মাত্র ৪ রানে ফেরান সোহেল তানভির। ঢাকার হয়ে প্রথম দুই ম্যাচে (৭৮ ও ৫৭) রানের বন্যা বইয়ে দেন জাজাই। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে ১ ও ৪ রানে ফেরেন এই আফগান।
দলীয় ৪ রানে ওপেনার জাজাইয়ের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া ঢাকাকে খেলায় ফেরান সুনীল নারিন ও রনি তালুকদার। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েন তারা।
ব্যক্তিগত ২৫ রানে অলক কাপালির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন নারিন। সাজঘরে ফেরার আগে ২১ বলে ২৫ রান করেন ক্যারিবীয় এই ওপেনার।
টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস
বিপিএলের চলতি ষষ্ঠ আসরের ১২তম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্স।
এর আগে নিজেদের তিন খেলায় তিনটিতে জিতে ৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস।
অন্যদিকে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স আগের দুই ম্যাচের একটিতে জিতে অর্জন করেছে ২ পয়েন্ট। শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে খেলছে সিলেট।
ঢাকা ডায়নামাইটস: হজরতউল্লাহ জাজাই, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন ও আল ইসলাম।
সিলেট সিক্সার্স: ডেভিড ওয়ার্নার, লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মন, অলক কাপালি, মোহাম্মদ ইরফান, আফিফ হোসেন, আল আমিন হোসেন, সন্দীপ লামিচান, নিকোলাস পুরান, সোহেল তানভির ও তাসকিন আহমেদ।