ভারতে গোমাংসের গুজবে এর আগেও হানাহানি হয়েছে। এবার কাশ্মীরের ৪ জন ছাত্রকে হোস্টেলে বসে গোমাংস রান্না করার গুজবে মারধোর করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মারধোরের এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের বেশিরভাগ রাজ্যেই গো হত্যা নিষিদ্ধ করা হয়েছে। গরুকে হিন্দুরা পবিত্র প্রাণী বলে মনে করে।
গত বছর ভারতের উত্তর প্রদেশে গোমাংসের গুজবে ৫০ বছর বয়স্ক একজন মুসলিমকে হিন্দু দাঙ্গাকারীরা হত্যা করেছিল। জানুয়ারিতে মধ্য প্রদেশে পুলিশ একটি হিন্দু দল গ্রেপ্তার করেছিল। ঐ হিন্দু উগ্রপন্থি দলটির বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ট্রেনে ভ্রমণের সময় গরুর মাংস খাওয়ার সন্দেহে এক মুসলিম দম্পতিকে হামলা করেছিল।
কিন্তু এবারের ঘটনাটি ঘটেছে রাজস্থানের মেওয়ার বিশ্ব বিদ্যালয়ের হোস্টেলে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ঐ ছাত্রদের হিন্দু উগ্রপন্থীরা পিটিয়ে আহত করেছে। এ সময় তারা চিৎকার করে স্লোগান দিচ্ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। সন্দেহকৃত মাংস গোমাংস কিনা সেটা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে।
