
০ বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
২০১৮ সালের ১১ মে মহাকাশে উড়াল দিয়েছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এ নিয়ে সেদিন আটলান্টিকের পাড়ে আছড়ে পড়েছিল উৎসবের ঢেউ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আকাশে ওড়ার খবর সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে গিয়েছিলেন প্রবাসী সাংবাদিক ও লেখক শামীম আল-আমিন। খুব কাছে থেকে দেখা ঐতিহাসিক ঘটনাপ্রবাহের কালের সাক্ষি হতে পরবর্তীতে ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১’ শিরোণামে বই লেখেন তিনি। ঢাকায় অমর একুশের গ্রন্থমেলায় সেই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের পর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে হলো আরেকটি অনুষ্ঠান।
বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফ হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, পিপল এন টেক-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, সাংবাদিক হাসান ফেরদৌস, স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহী মিনা প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।
প্রকাশনা অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বইটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে তুলে ধরে বলেন, ভবিষ্যতে ইংরেজিসহ বিভিন্ন ভাষায় বইটি প্রকাশের উদ্যোগ নেয়া দরকার। এতে করে বিশ্ববাসী বাংলাদেশের গৌরব সম্পর্কে জানতে পারবে।
জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি তারেক মো: আরিফ হোসেন বলেন, একজন সাংবাদিক হিসেবে শামীম আল আমিন একটি ঐতিহাসিক ঘটনাপ্রবাহের সংবাদ সংগ্রহের কাজ করেই কেবল থেমে থাকেননি, তা নিয়ে বই লিখে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যত প্রজন্মের জন্যে বইটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মত দেন তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বইটির জন্যে লেখককে ধন্যবাদ জানান। তিনি অভিযোগ করে বলেন, জাতির জনকের নামাঙ্কিত স্যাটেলাইটটি উৎক্ষেপণের সময় নানান অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু সফল উৎক্ষেপণের মাধ্যমে সবাই জবাব পেয়েছে। এখনও স্যাটেলাইটের কার্যকারিতা নিয়ে কোন কোন মহল ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য প্রচারের চেষ্টা চালাচ্ছে। তাদেরকে রুখে দেয়ার আহবান জানান তিনি।
বইয়ের লেখক শামীম আল আমিন বলেন, ইতিহাস গড়া সেই দিনে কেনেডি স্পেস সেন্টারে উপস্থিত থাকতে পারাটা ছিল ভীষণ সৌভাগ্যের। আর সেই ঘটনাপ্রবাহ লিখে রাখা একান্ত প্রয়োজন বলে মনে হওয়ায় বইটি লেখা। বিশেষ করে তরুণদের মধ্যে এক ধরণের জাগরণ তৈরি করাই লেখার উদ্দেশ্য। যাতে নিজেদের গৌরব সম্পর্কে তরুণেরা জেনে নিজেরাও ভালো কাজে উদ্যোগী হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল ও শাহ মাহবুব। কবিতা আবৃত্তি করেন গোপন সাহা।
–
আরও খবর