ঢাকা-দোহা রুটে ইউএস বাংলার সপ্তাহে ২টি ফ্লাইট, ৯ সেপ্টেম্বর থেকে আরো ১টি

ঢাকা দোহা রুটে গত ৩১ আগস্ট থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু করে ইউএস বাংলা এয়ারলাইনস। তবে যাত্রী চাহিদা বিবেচনায় একটি ফ্লাইট বাড়িয়ে ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা দোহা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

গতকাল ইউএস বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও কাতার সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণসংক্রান্ত নির্দেশনা মেনে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে সোম ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ছেড়ে যাচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট। দোহা থেকে একই দিন স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে ফ্লাইট। ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা দোহা রুটে সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-দোহা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে বলেও জানিয়েছে ইউএস-বাংলা।

দোহা ছাড়াও বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে গুয়াংজু ও কুয়ালালামপুর রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ জুন থেকে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনসটি।

করোনা মহামারীর সময় বিশ্বের বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে ও কার্গো পরিবহনে স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, হ্যানয়, আবুধাবি, দুবাই, দোহা, মাস্কট ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে স্পেশাল ফ্লাইট পরিচালনা করেছে তারা। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক রুটে কার্গো ফ্লাইটও পরিচালনা করছে এয়ারলাইনসটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.