প্রবাসী শ্রমিকদের কারাগারে পাঠানো রাষ্ট্রীয় পাপ: জেএসডি

বিদেশে নিঃস্ব ও প্রতারিত হয়ে শ্রমিকরা দেশে ফেরার পর সহানুভূতির পরিবর্তে কাল্পনিক অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোকে রাষ্ট্রীয় পাপ হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।

নিরপরাধ অভিবাসীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

তারা বলেন, বিদেশের মাটিতে নিপীড়ন, অবমাননা ও প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার পর অদ্ভূত অভিযোগ এনে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কারাগারে পাঠানো সরকারের নিষ্ঠুর নির্মম আচরণ। নিজ দেশের নাগরিকদের পাশে না দাঁড়িয়ে তাদের নতুন করে চরম দুর্দশার দিকে ঠেলে দেওয়া কোনো বিবেকসম্পন্ন সরকারের কাজ হতে পারে না।

এটাই হচ্ছে রেমিট্যান্স অর্জনকারী শ্রমিকদের প্রতি সরকারের প্রতিদান। অথচ এই অভিবাসী শ্রমিকদের রেমিট্যান্সে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, সরকারের রাজকীয় অপচয় ভোগবিলাস নিশ্চিত হচ্ছে। এগুলো ক্ষমা অযোগ্য অপরাধ।

নেতারা আরও বলেন, রিক্রুটিং এজেন্টসহ সরকারি কর্মকর্তা যারা শ্রমিকদের বিদেশে যাওয়ার অনুমতি, ছাড়পত্র প্রদান প্রতারণা চক্রে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শ্রমিকদের আজগুবি মামলায় গ্রেপ্তার সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ।

আবার অসহায় শ্রমিকরা দূতাবাসে অভিযোগ জানাতে যাওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস দখলের অভিযোগ করেছেন। এ ধরনের মানসিকতাসম্পন্ন ব্যক্তি রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.