মালদ্বীপে প্রবাসীদের মর্গের চার্জ মওকুফের অনুরোধ রাষ্ট্রদূতের

কাউন্সিলের মর্গের চার্জ মওকুফ বা নামমাত্র রাখতে অনুরোধ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। মালদ্বীপের মালে সিটি কাউন্সিলের মেয়র ড.মোহাম্মেদ মিউজ্জুকে এ অনুরোধ করেন তিনি।

গতকাল রোববার মালে সিটি কাউন্সিলের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই অনুরোধ করেন বাংলাদেশের হাইকমিশনার।

এছাড়াও মালেতে প্রবাসী কর্মীদের নিরাপদ ও মানসম্পন্ন আবাসন নিশ্চিত করতে সিটি কাউন্সিলকে কার্যকরী ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়।

সবশেষে সিটি কাউন্সিলে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় ডলার সংস্থান করতে অনুরোধ জানান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

এ সময় মালের মেয়র সিটি কাউন্সিলে প্রবাসী বাংলাদেশিদের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও সিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মুজতবা জলিল উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.