১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দিচ্ছে রোমানিয়া

আগামী ৫ মার্চে রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় আসবেন। সেপ্টেম্বর পর্যন্ত তারা ৬ মাস ঢাকায় অবস্থান করবেন। এ সময় ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে দেশটি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণাল‌য়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

সেহেলী সাবরিন বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধি দল আগামী ৫ মার্চ ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি জানান, ঐ সময়ে এ বছর রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

উল্লেখ্য, গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় ৩ মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দেয়। ঐ মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.