রেমিট্যান্সে প্রতি ডলারে ১১৪ টাকা দেওয়ার দাবি

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে ডলারের ন্যায্য মূল্য নির্ধারণ করে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও অবৈধ হুন্ডিতে লেনদেন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় আব্বাসীয়া মোজাম্মার একটি রেস্টুরেন্টে কুয়েতের একচেঞ্জ কোম্পানির বাংলাদেশি কর্মকর্তাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্থাটির সভাপতি আ ক ম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম সুমনের সঞ্চালনায় বক্তারা বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ডলারের ন্যায্যমূল্য ১১৪ টাকা নির্ধারণ করা এবং একইসঙ্গে অবৈধ হুন্ডি চ্যানেল লেনদেন বন্ধের দাবি জানান।

সভায় বক্তব্য দেন, সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আমির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক এস আর তারেক, অর্থ সম্পাদক আব্দুস সালাম মুন্সি এবং সিনিয়র সদস্য সালাউদ্দিন, জহিরুল ইসলাম, আব্দুস সালাম,আরিফুল ইসলাম আরিফ, মো. আরিফ হোসেন, আব্দুল কাদের, জিয়াউর রহমান, মো. রাসেদসহ আরও অনেকে।

সংস্থাটির সভাপতি আ ক ম আজাদ বলেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ডলার মূল্য কম হওয়াতে অবৈধ হুন্ডি লেনদেনের দিকে ঝুঁকছে প্রবাসীরা। প্রবাসীরা মানি একচেঞ্জগুলোতে টাকা পাঠাতে এসে টাকার দাম জেনে ফিরে চলে যাচ্ছে। ব্যাংকের তুলনায় হুন্ডিতে ডলারের দাম বেশি পাওয়ায় কমে যাচ্ছে বৈধ পথে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ। তাই বাংলাদেশ সরকারকে রেমিট্যান্সের প্রতি ডলারের মূল্য নির্ধারণ ও হুন্ডি বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.