বাদ পড়ছেন ফাওয়াদ খান!

fawad-sep7বলিউডে কানাঘুষো শোনা গিয়েছিল, পরিচালক নীরজ পাণ্ডের আসন্ন ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে বিরাট কোহলির চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। এছাড়াও শোনা গিয়েছিল, করণ জোহরের বিখ্যাত শো ‘কফি উইথ করণ’ সিজন ৬ এর প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন ‘খুবসুরাত’ অভিনেতা ফাওয়াদ। জানা গেল, দুটি স্থান থেকেই বাদ পড়েছেন সম্ভাবনাময় এই তারকা।

এর কারণ কি উরি হামলা! করণ জোহর ও নীরজ পান্ডে কিন্তু মুখে সেকথা কিছু বলেননি। শুধু সিদ্ধান্ত নিয়েছেন, তাদের প্রজেক্ট থেকে ফাওয়াদ খানকে সরিয়ে দেবেন। জানা গেল, ফাওয়াদকে সরিয়ে সুপারস্টার শাহরুখ খানকে তার শোয়ের আসনে বসাতে যাচ্ছেন বলিউড পরিচালক করণ।

শাহরুখকে দিয়েই শুরু হবে কফি উইথ করণ ৬। শাহরুখ খানের সঙ্গে করণের শোয়ে কাউচ শেয়ার করবেন অভিনেত্রী আলিয়া ভাট। সূত্রের খবর, কফি উইথ করণ ৬-এর তালিকা থেকে আপাতত বাদ পড়েছেন ফাওয়াদ। তবে উরি হামলার কারণেই ফাওয়াদকে শো থেকে সরানো হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

শোনা গিয়েছিল, মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে বিরাট কোহলির ভূমিকায় থাকার কথা ফাওয়াদের। সেই ছবির কাজকর্ম কত দূর এগোলো, সে খবর আসার আগেই এল অন্য চমকে যাওয়ার মতো খবর! বিরাট কোহলির চরিত্র থেকে বাদ পড়লেন নায়ক ফাওয়াদ খানই! তার আর ভারতীয় টেস্ট অধিনায়কের চরিত্রে অভিনয় করা হচ্ছে না! উরি হামলার পরিপ্রেক্ষিতে কেউ চাইছেন না, ভারতের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করুক কোন পাকিস্তানি তারকা।

যদিও ফাওয়াদ খানের মুখপাত্র জানিয়েছেন, নায়কের অভিনয় না করার কারণটা অন্য। তিনি যে বিরাট কোহলির চরিত্রে অভিনয় করছেন, এটা না কি পুরোপুরি গুজব। কাজেই ছবি থেকে ফাওয়াদের বাদ পড়ার প্রশ্নই ওঠে না। কারণ ছবিটিতে চুক্তিবদ্ধ হন নি ফাওয়াদ।

এরপরেও গুজব কিন্তু থামছে না। অনেকে বলছেন, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এই যে পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়োর ডাক দিয়েছে, সেটাও ফাওয়াদকে বাতিল করার একটা বড় কারণ। ফাওয়াদ আর ভারতে থাকতে পারবেন কি না, তারই ঠিক নেই এখন। যদিও বর্তমানে অভিনেতা আর আসন্ন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর প্রচারণায় ব্যস্ত আছে। ছবিটি আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.