জার্মানির রিসোর্টে ব্যাপক করোনা সংক্রমণে দায়ী এক মার্কিন!

জার্মান : একটি জনপ্রিয় বাভারিয়ান স্কি রিসোর্টে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সঙ্গে মার্কিন সেনা পরিচালিত একটি লজে কর্মরত মার্কিন নাগরিকের যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ। গত সোমবার মিউনিখের রাষ্ট্রপক্ষের পরিষেবা বলেছে, সংক্রমণ ছড়িয়ে দেয়া সন্দেহভাজন ওই মার্কিনীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মূলত এখান থেকে দেশটিতে হঠাৎ করে আবার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে।

ওই ব্যক্তি গার্মিশ পার্টেনকির্চেনে মার্কিন সেনাবাহিনী পরিচালিত মার্কিন সশস্ত্র বাহিনী রিক্রিয়েশন সেন্টার রিসোর্ট এডেলউইস লজে কাজ করেন। রাষ্ট্রীয় কৌসুলির কার্যালয়ের আন্দ্রেয়া মায়ার বলেছিলেন, অবহেলার মাধ্যমে এমনটা ঘটেছে সন্দেহে তদন্ত চলছে।

গার্মিশ-পার্টেনকির্চেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রেস অফিসার স্টিফান শার্ফের মতে, ওই ব্যক্তি সম্প্রতি বিদেশে ছুটি কাটিয়ে বাভারিয়ায় ফিরে এসেছিলেন। কভিড-১৯ উপসর্গ থাকা সত্ত্বেও তিনি সামাজিক দূরত্বের বিধিনিষেধগুলো পালন করেননি।

শার্ফ বলেছেন, ওই ব্যক্তি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন এবং ফলাফল না পাওয়া পর্যন্ত তাকে বাড়ির ভেতরে আলাদা থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। পরবর্তীতে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এখন তিনি পৃথক অবস্থায় রয়েছেন। তবে তিনি কোন দেশ ভ্রমণ করেছিলেন তা স্পষ্ট নয়। তবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বলা হয়েছে, সেটা যুক্তরাষ্ট্র ছিল না।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে লজে থাকা ২৪ জন করোনা পরীক্ষা করেছিলেন এবং গার্মিশ-পার্টেনকির্চেনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ১১ সেপ্টেম্বর একদিনেই আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৩ জন।

গত শনিবার শার্ফ বলেন, আমাদের এতো মানুষ আক্রান্ত ছিল না, এমনকি জার্মানিতে তীব্র সংক্রমণের সময়েও। শার্ফ সোমবার সিএনএনকে জানান, আমরা ব্যাপকভাবে টেস্টিং স্টেশন বাড়িয়েছি। এখন আমাদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আমরা জানি না যে আসলে সন্দেহভাজন স্প্রেডার কতজন। আমরা কেবল জানি যে ওই ব্যক্তি সংক্রামক ছিলেন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রাদুর্ভাবের পর এডেলউইস লজ দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার মার্কিন সেনাবাহিনীর ইউরোপীয় একজন মুখপাত্র সিএনএনকে বলেছেন, এডেলউইস লজ অ্যান্ড রিসোর্টের বেশ কয়েকজন কর্মী করোনা পরীক্ষা করেছেন।

সতর্কতা হিসেবে পজিটিভ শনাক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ হওয়া কর্মীদেরও কোয়ারেন্টিন করা হয়েছে। পরিস্থিতি মূল্যায়ন করতে এবং কন্ট্যাক্ট ট্রেসিংয়ের জন্য মার্কিন সেনাবাহিনীর চিকিৎসা পেশাদাররা স্থানীয় চিকিৎসা কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন। এতজন কর্মী আক্রান্ত হওয়ায় সোমবার থেকে রিসোর্টটি দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে তিনি প্রশ্নের মুখে থাকা ওই ব্যক্তির কথা উল্লেখ করেননি। ওই ব্যক্তির বিষয়ে ও তারা কোনো শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি হয়েছে কিনা সেটাও নিশ্চিত হওয়া যায়নি। আবার বিষয়টি নিয়ে লজের কর্মীরা কেউ প্রকাশ্যে কথা বলেননি।

বাভারিয়ার প্রধানমন্ত্রী মার্কাস সোয়েদার সতর্ক করেছেন, সোমবার রাজ্যজুড়ে করোনাভাইরাসের সংখ্যা বাড়ছে। মার্কিনীদের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেছিলেন, এই ধরনের আচরণের জন্য তাদের উচ্চ পরিমাণে জরিমানা করা উচিত কিনা স্থানীয় কর্তৃপক্ষের তা খতিয়ে দেখা উচিত। গার্মিশ-পার্টেনকির্চেন অসতর্কতার উদাহরণ। এই অসতর্কতার পরিণতিও দেখতে হবে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় অনুসারে, জার্মানিতে এখন পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৫০০ জনের বেশি মানুষ কভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছেন।

সিএনএন অবলম্বনে, খবর দেশ রূপান্তর

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.