ছবির কাজ অনেকটাই শেষ। বাকি আছে একটুখানি। এরপর অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা কি চলচ্চিত্রেই থিতু হবেন? নাকি ফিরে যাবেন ছোট পর্দায়? এমন নানা প্রশ্ন এখন অনিমেষ আইচের ভয়ংকর সুন্দর অভিনেত্রী ভাবনাকে ঘিরে। সব প্রশ্নের জবাবই ভাবনা দিলেন ভেবেচিন্তে
কোন পর্যায়ে আছে ‘ভয়ংকর সুন্দর’?
প্রায় ৭৫ শতাংশ শুটিংয়ের কাজ শেষ হয়েছে। আমার চরিত্র ‘নয়নতারা’র বাসার কিছু দৃশ্যের শুটিং এখনো বাকি। আর বাকি গানের দৃশ্যায়ন।
শুটিংয়ের সময় থেকেই ছবি নিয়ে এত আলোচনা। বাড়তি চাপ মনে হয়নি?
না, চাপ কাজ করেনি। প্রায় এক বছর ধরে আমি কোনো নাটকে কাজ করিনি। তাই অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে বরং রোমাঞ্চিত হয়েছি। নয়নতারা চরিত্রটি মজার। তার কিছু জিনিস আমার সঙ্গে মেলে। সেগুলো ছবির প্রথম দিকে থাকবে। তবে পরের দিকের নয়নতারা একদম অন্য রকম, আমার সঙ্গে মেলে না। সেখানে নিজেকে মেলে ধরার সুযোগ ছিল।
পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতার সামনে স্বাভাবিক অভিনয় করতে পারলেন?
ছবিতে পরমব্রতের চরিত্রের নাম মুকু। সে নয়নতারার প্রতি অনেক কেয়ারিং। নয়নতারা বরং মুকুকে অনেক ‘ঝাড়ি’র ওপর রাখে। অনিমেষকে বললাম, পরমব্রতকে কীভাবে ঝাড়ি দেব আমি? পরে একটা পুরো রাত আড্ডা দেওয়ার পর বুঝলাম, পরমব্রত আসলে আমার মতোই। সেিলব্রিটি তত্ত্বে বিশ্বাস করে না। সোমবার যখন ও বাংলাদেশ থেকে চলে গেল, আমি এয়ারপোর্টে বিদায় জানাতে যাইনি। ভীষণ কষ্ট হচ্ছিল।
আপনার পরের ভাবনা কী? নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন? নাকি ছোট পর্দায় ফিরবেন?
আপাতত আমি নয়নতারার ভেতরেই থাকতে চাই। ভয়ংকর সুন্দরই এখন ভাবনার একমাত্র ভাবনা।
